রাজ্য

৩ হাজার টাকার বেকার ভাতা কবে? উলুবেড়িয়া থেকে ইঙ্গিত দিলীপ ঘোষের

রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন সামাজিক প্রকল্প ও ভাতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী এবং নতুন করে ঘোষিত বেকার ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যে কিছুটা হলেও স্পষ্টতা মিলেছে।

মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়াড়গড়ি গ্রামে ১০০ দিনের কাজের সূচনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই ভাতা সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দেন বিজেপি নেতা।

দিলীপ ঘোষ জানান, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অযোগ্য ব্যক্তিদের সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল। নতুন সরকার সেই পরিস্থিতি এড়াতে প্রথমে উপভোক্তাদের তথ্য যাচাই করছে। তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে বহু অযোগ্য ব্যক্তি সুবিধা পেয়েছেন, এমনকি পুরুষদের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর শুধুমাত্র প্রকৃত ও যোগ্য আবেদনকারীদের জন্য নতুন করে ভাতা চালু করা হবে। বেকার যুবকদের জন্য প্রতিশ্রুত মাসিক ৩ হাজার টাকার ভাতা এবং মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পও সেই প্রক্রিয়ার আওতায় রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

যদিও বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেননি বিজেপি নেতা। তবে শীঘ্রই বেকার ভাতার জন্য পৃথক পোর্টাল চালুর সম্ভাবনার কথাও তাঁর বক্তব্যে উঠে এসেছে।

রাজ্যবাসীর উদ্দেশে দিলীপ ঘোষের বার্তা, স্বচ্ছতার ভিত্তিতে প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে এবং আগামী দিনে উন্নয়নের ফল মানুষ চোখের সামনে দেখতে পাবেন।

এখন নজর রাজ্য সরকারের পরবর্তী ঘোষণার দিকে। কারণ, বেকার ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা কবে থেকে বাস্তবে মানুষের হাতে পৌঁছাবে, সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.