কলকাতা/দিল্লি: দিল্লিতে তৃণমূলের একাধিক সাংসদের অবস্থান নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের একটি ছবি। বৃহস্পতিবার বিমানবন্দরে দেখা যায় সায়নীকে মুখে মাস্ক পরে নীরবে বেরিয়ে যেতে। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি দ্রুত গাড়িতে উঠে চলে যান। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি সায়নীও বিদ্রোহী শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন?
শুধু সায়নী নন, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়কে নিয়েও জল্পনা ক্রমশ ঘনীভূত হচ্ছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, ইতিমধ্যেই ২০ জন সাংসদের সমর্থনপত্র স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে সেই তালিকায় সায়নী ঘোষ ও মালা রায়ের নাম রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যে বৈঠক হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, সেখানে সায়নী ও মালা উপস্থিত ছিলেন কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি প্রশ্ন তুলেছেন সায়নীর আচরণ নিয়ে। তিনি বলেন,
“আগে দেখা হোক, ছবিটা আজকের কি না। উনি এমন কী করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করতে হবে? সবকিছু এত গোপনীয় কেন? হয় উনি দলে আছেন, নয়তো ভয়ঙ্কর কোনও বিপ্লবী হয়ে গিয়েছেন। মাঝামাঝি কিছু তো হয় না।”
অন্যদিকে মালা রায় সম্পর্কে কুণালের বক্তব্য আরও আবেগঘন। তিনি বলেন,
“মালা দি-কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি শারীরিকভাবে অসুস্থ, ভালো করে হাঁটতেও পারেন না। তা সত্ত্বেও দল তাঁকে সাংসদ করেছে, পুরনিগমের চেয়ারপার্সনের দায়িত্বও দিয়েছে। এরপরও যদি তাঁর শিবির বদলের কথা ভাবতে হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক।”
দিল্লিতে একের পর এক সাংসদের অবস্থান বদলের জল্পনার মাঝে সায়নী ঘোষের নীরবতা এবং মালা রায়কে ঘিরে বাড়তে থাকা গুঞ্জন তৃণমূলের অন্দরের অস্বস্তিকে আরও প্রকাশ্যে এনে দিল। এখন নজর, এই দুই সাংসদ প্রকাশ্যে মুখ খুলে সমস্ত জল্পনার অবসান ঘটান কি না।







