রাজ্য

পশ্চিমবঙ্গ দিবস পালন ২০ জুন, তারকেশ্বরে প্রধানমন্ত্রী মোদী; রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি

দেশভাগের ইতিহাস এবং পশ্চিমবঙ্গ গঠনের প্রেক্ষাপট নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে প্রথমবার সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। নবনির্বাচিত বিজেপি সরকারের উদ্যোগে এই দিনটিকে বড় আকারে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারকেশ্বরে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই সমস্ত সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যসচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি জেলায় জেলাশাসককে চেয়ারম্যান করে বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটিতে থাকবেন পুলিশ সুপার, জেলা স্কুল পরিদর্শক, স্থানীয় সাংসদ ও বিধায়কেরা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, আলোচনা সভা এবং ঐতিহাসিক তথ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। পাশাপাশি দেশভাগ এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য পাঠাগার, সংগ্রহশালা ও ঐতিহাসিক স্থানে ভ্রমণের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে লোকভবনে সীমিত পরিসরে এই দিনটি পালন করা হলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের বিরোধিতা করেছিলেন। তাঁর সরকার ১ বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালন করত। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এসে ২০ জুনকে আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন বাধ্যতামূলক করা হয়েছে। তাঁর দাবি, তারকেশ্বর থেকেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা ভাগ সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই কারণেই এই ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করেই এবারের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.