দেশের রাজধানী দিল্লি ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্তম্ভিত। দক্ষিণ দিল্লির তুঘলকাবাদের এলাকার একটি পাঁচতলা আবাসনে গভীর রাতে আগুন লেগে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত প্রায় আড়াইটে নাগাদ আবাসনের বেসমেন্টে থাকা পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। সেখানে রাখা একাধিক দুই-চাকার যানবাহনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ঘন কালো ধোঁয়া পুরো ভবন জুড়ে ছড়িয়ে যায়, যার ফলে ঘুমন্ত অবস্থাতেই বহু বাসিন্দা বিপদের মুখে পড়েন।
চোখে-মুখে ধোঁয়া ঢুকে যাওয়ায় অনেকেই ঘর থেকে বেরোতে পারেননি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন প্রাণ বাঁচাতে কয়েকজন বাসিন্দা ছাদে আশ্রয় নিতে গিয়ে দেখেন, ছাদের দরজায় তালা ঝুলছে। পরে দমকলকর্মীরা সেই তালা ভেঙে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে একাধিক দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মই ও বিশেষ উদ্ধার সরঞ্জামের সাহায্যে বেশ কয়েকজনকে ভবনের বাইরে বের করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পার্কিং এলাকায় থাকা কোনও যানবাহন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। রাতের নিস্তব্ধতায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে







