ফিনল্যান্ডে এক আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমি দেশগুলির ‘দ্বিচারিতা’ নিয়ে সরব হলেন ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর । রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যের ক্ষেত্রে নয়াদিল্লি শুধুমাত্র নিজের জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে।
জয়শংকরের বক্তব্য, আমেরিকা ও পশ্চিমি শক্তিগুলি প্রায়শই নৈতিকতার কথা বললেও বাস্তবে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা, শুল্ক বা নীতি পরিবর্তন করে। এক সময় ভারতকে রাশিয়ার তেল কেনা নিয়ে চাপ দেওয়া হলেও পরিস্থিতি বদলাতেই সেই অবস্থানও বদলে যায়। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সিদ্ধান্তই নীতির চেয়ে স্বার্থের ভিত্তিতেই নেওয়া হয়।
বিদেশমন্ত্রী আরও মনে করিয়ে দেন, ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা তৈরি হলে ভারত কম দামে রুশ তেল কিনে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে। তাঁর দাবি, সেই সময় বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার স্বার্থেই ভারতকে রুশ তেল কেনার পরামর্শও দেওয়া হয়েছিল।
ইউরোপীয় দেশগুলির সমালোচনারও জবাব দেন জয়শংকর। তিনি বলেন, বহু বছর ধরে ইউরোপের তৈরি অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, অথচ তারাই আজ ভারতের জ্বালানি নীতি নিয়ে প্রশ্ন তুলছে। এই ধরনের অবস্থানকে তিনি স্পষ্টতই দ্বিমুখী মানসিকতার উদাহরণ বলে আখ্যা দেন।
বিশেষজ্ঞদের মতে, জয়শংকরের এই মন্তব্য ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির বার্তাকেই আরও জোরালো করল। আন্তর্জাতিক চাপের মুখেও জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে আপস না করার অবস্থান আবারও স্পষ্ট করে দিল নয়াদিল্লি।







