রাজ্য

‘ফুটপাত দখল বরদাস্ত নয়’, হকার উচ্ছেদ ইস্যুতে কড়া বার্তা শুভেন্দুর, পুনর্বাসনেরও আশ্বাস

বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার রাস্তা ও ফুটপাতকে দখলমুক্ত করার লক্ষ্যে সক্রিয় হয়েছে নবান্ন। এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছে বামপন্থী দলগুলি। পাশাপাশি অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ফুটপাতনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নিয়ে। এই পরিস্থিতিতে শুক্রবার হকার উচ্ছেদ এবং ফুটপাত দখল প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, তা বেআইনিভাবে দখল করে রাখার অধিকার কারও নেই। কয়েকজনের সুবিধার জন্য বৃহত্তর জনস্বার্থকে উপেক্ষা করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিউ মার্কেট, রাজাবাজার ও খিদিরপুর-সহ কলকাতার একাধিক ব্যস্ত এবং দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা এলাকার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জবরদখলকারীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দেন।

ফুটপাত নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, “ফুটপাত মানুষের হাঁটার জন্য। সেটি কাউকে ব্যবহার বা দখল করার অনুমতি দেওয়ার অধিকার আমার নেই। শহরের বড় রাস্তা ও ফুটপাত জনসাধারণের সম্পদ, তা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে দেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আমি জনগণের কাছে দায়বদ্ধ। যেখানে সাধারণ মানুষের স্বার্থ জড়িত, সেখানে সেই স্বার্থই অগ্রাধিকার পাবে। অল্প কয়েকজনের সুবিধার জন্য বৃহত্তর মানুষের অসুবিধা মেনে নেওয়া হবে না।”

তবে শুধুমাত্র কড়াকড়ির বার্তা নয়, হকারদের ভবিষ্যৎ নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যেসব হকার উচ্ছেদের মুখে পড়বেন, তাঁদের পুনর্বাসনের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই বিবেচনা করা হবে। তাঁর কথায়, “সরকারের খালি জমি বা অচল বাজার এলাকায় পুনর্বাসনের সুযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। তবে প্রথমে বেআইনি দখল করা জায়গা খালি করতে হবে।”

হকারদের আর্থিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাও পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আন্দোলন বা চাপ সৃষ্টি না করে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম দফতরের হকারদের জন্য নির্ধারিত বিভিন্ন প্রকল্পের সুবিধা যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।”

একইসঙ্গে শহরে দীর্ঘদিন ধরে চলা বেআইনি দখলদারি ও সিন্ডিকেট সংস্কৃতিরও সমালোচনা করেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিউ মার্কেট, রাজাবাজার, খিদিরপুর কিংবা মেটিয়াবুরুজ— কোনও এলাকাকেই বিশেষ ছাড় দেওয়া হবে না। আইন মেনেই শহরের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হবে।

প্রশাসনিক সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর এই বার্তার পর কলকাতা পুরসভা ও লালবাজার যৌথভাবে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এবং ফুটপাত পরিষ্কার করতে বৃহৎ অভিযান শুরু করতে পারে। তবে প্রশাসন বলপ্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে হকারদের সরিয়ে নেওয়া এবং একইসঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা করার পথেই এগোতে চাইছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.