রাজনীতি

তৃণমূলে বিস্ফোরক অন্দরের সংঘাত! কালীঘাটে অভিষেক-কুণাল বচসা, পরিস্থিতি সামাল দিলেন মমতা

বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ও বিদ্রোহের আবহ ক্রমশ প্রকট হচ্ছে। সেই আবহেই শনিবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দলের দুই শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

দলীয় সূত্রের দাবি, বৈঠকের শুরুতেই কুণাল ঘোষ সংগঠনের দুর্দিনে দলের প্রতি অনুগত কর্মী-নেতাদের গুরুত্ব ও দায়িত্ব বাড়ানোর প্রসঙ্গ তোলেন। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি পরে দেখবেন বলে জানালে কুণাল আপত্তি জানিয়ে বলেন, “আর পরে পরে কোরো না। লেবু কচলে আর তেতো কোরো না। দলটা তো এভাবেই উঠে গেছে।” এই মন্তব্য ঘিরেই উত্তেজনার সূত্রপাত বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বৈঠক শেষ হওয়ার পর অভিষেক সরাসরি কুণাল ঘোষকে প্রশ্ন করেন, তিনি কি ঝগড়া করার উদ্দেশ্য নিয়েই বৈঠকে এসেছিলেন। পাল্টা কুণালও ক্ষোভ প্রকাশ করেন। ক্রমশ দু’পক্ষের গলার স্বর চড়তে থাকে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিতর্কের কেন্দ্রে উঠে আসে সুমিত রায় প্রসঙ্গও। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে সুমিত রায় ও তাঁর ঘনিষ্ঠদের নিয়ে কুণাল ঘোষের করা মন্তব্যে অভিষেক অসন্তোষ প্রকাশ করেন বলে সূত্রের দাবি। অভিষেকের অভিযোগ, সুমিতকে আক্রমণ করা মানে কার্যত তাঁকেই নিশানা করা।

পরিস্থিতি যখন চরমে পৌঁছয়, তখনই হস্তক্ষেপ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দু’জনকেই শান্ত হওয়ার পরামর্শ দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করার বার্তা দেন। দলের কঠিন সময়ে প্রকাশ্যে এমন সংঘাত তৃণমূলের অন্দরের অস্বস্তিকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.