মুর্শিদাবাদ: আবারও সোনা পাচার কাণ্ডে চাঞ্চল্য মুর্শিদাবাদের সীমান্ত এলাকায়। সোমবার গভীর রাতে রানিনগর থানা এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের খবর, রাতে সন্দেহজনকভাবে চলা একটি বাইক আটকে তল্লাশি চালায় পুলিশ। বাইক আরোহী শিবনাথ মণ্ডল নামে এক মৎস্যজীবীর প্যান্টের পকেট থেকেই উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট। মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য ১.২৩ কোটি টাকা।
জেরায় শিবনাথ জানায়, পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার অজুহাতে সে বাংলাদেশি পাচারকারীর কাছ থেকে সোনা সংগ্রহ করেছিল। সেই সোনা নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে নগেন মণ্ডল নামে আরেক পাচারকারীকে বামনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই পাচার চক্রের পেছনে আরও বড় মাথা রয়েছে। সীমান্ত ঘেঁষা এলাকায় দীর্ঘদিন ধরেই সোনা পাচার চলছিল বলে ধারণা করছে তদন্তকারীরা। ধৃতদের আদালতে তোলা হবে মঙ্গলবার।
পুলিশ সূত্রে খবর, সোনা কোন পথে দেশে প্রবেশ করছে এবং কোথায় পাচার হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা চক্রের সঙ্গে কারা জড়িত, সেই দিকেও নজর রাখছে তদন্তকারীরা।
সীমান্তে টানা নজরদারির মধ্যেই এভাবে কোটি টাকার সোনা উদ্ধার হওয়ায় রীতিমতো তোলপাড় গোটা এলাকা।







