জেলা

কেন ভয়ংকর হলেও অ্যামিবা আক্রান্তদের সুস্থ হওয়া সম্ভব: হুগলির প্রৌঢ়ের কাহিনি

কেরলে ১৯ জনের মৃত্যুর পর বাংলাতেও আতঙ্ক, তবে সময়মতো চিকিৎসা রোগীকে নতুন জীবন দিচ্ছে

শ্রীরামপুর (হুগলি): পুকুরের জল থেকে ছড়াতে পারে বলে আশঙ্কা করা ‘ব্রেন ইটিং অ্যামিবা’ এখন আতঙ্কের নাম। তবে আক্রান্ত মানেই মৃত্যু নয়—এই তথ্য প্রমাণ করলেন হুগলির প্রবীর কর্মকার।

প্রবীর কর্মকার (৫৬), পেশায় কল মিস্ত্রি, গত এক বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে তার অবস্থা অনেকটাই খারাপ হয়। ঘনঘন জ্ঞান হারানো, হাঁটাচলার অসুবিধা—সব মিলিয়ে পরিবারের জন্য দুশ্চিন্তার অবকাশ ছিল না। অবশেষে শিশু মঙ্গল হাসপাতাল ও কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় প্রবীরকে। দু’মাসের চিকিৎসার পর ডাক্তাররা নিশ্চিত হন, প্রবীরের মগজে বাসা বাঁধেছে এককোষী অ্যামিবা।

চিকিৎসার পর বর্তমানে তিনি শ্রীরামপুরের বাড়িতে অবস্থান করছেন। শারীরিক দুর্বলতা থাকলেও আগের তুলনায় অনেকটাই সুস্থ। প্রবীর বলেন, “একটা সময় কথা জড়িয়ে যেত, কোনও জ্ঞান থাকত না। এখন ধীরে ধীরে আগের মতোই চলাফেরা করতে পারছি।”

প্রবীরের স্ত্রী পম্পা কর্মকার জানান, “আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররাই জানালেন, মস্তিষ্কে অ্যামিবা আক্রমণ করেছে। এখন তিনি অনেকটাই সুস্থ, কথা বলছেন, হাঁটাচলা করছেন। চিকিৎসকরা বলেছেন, টাইম কলের জল ব্যবহার করা যাবে না।”

কেরলে সাম্প্রতিক সময়ে ১৯ জনের মৃত্যু হয়েছে এই অ্যামিবা আক্রমণে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, সময়মতো চিকিৎসা হলে আক্রান্তরা সুস্থ হতে পারেন। হুগলির প্রৌঢ় প্রমাণ করলেন, আতঙ্ক নয়, সচেতনতা ও চিকিৎসা—এই দুটি হাত মিলিয়ে জীবনকে নতুন দিক দেওয়া সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.