নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই তিনি দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানান। এরপরই জিএসটি নিয়ে কেন্দ্রের নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, নতুন প্রজন্মের কথা ভেবেই এই বড় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল থেকে সারা দেশে নতুন জিএসটি হার কার্যকর হবে। ৯৯ শতাংশ পণ্যের উপর মাত্র ৫ শতাংশ কর আরোপ করা হবে। জিএসটি-তে এখন থেকে মাত্র দুটি ধাপ থাকবে—একটি ৫ শতাংশ ও অন্যটি ১৮ শতাংশ। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে, মানুষের সঞ্চয় বাড়বে এবং অর্থনীতি নতুন গতি পাবে বলে আশাবাদী মোদী।
তিনি বলেন, “আমাদের প্রতিটি বাড়িকে স্বদেশির প্রতীক করতে হবে। প্রতিটি দোকানকে স্বদেশি পণ্য দিয়ে সাজাতে হবে। গর্বের সঙ্গে বলুন—আমি স্বদেশি পণ্য কিনি, স্বদেশি পণ্য বিক্রি করি।”
রাজ্যগুলিকে আত্মনির্ভর ভারতের অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।
মোদীর মতে, এই জিএসটি সংস্কার শুধু কর কাঠামোকে সহজ করবে না, বরং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, মধ্যবিত্তের সঞ্চয় বাড়াবে এবং যুবসমাজকে বড় উপকার দেবে।
নবরাত্রির প্রথম দিনে এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী “স্বনির্ভরতার পথে এক বড় পদক্ষেপ” বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কার উৎসবের আনন্দের মতোই দেশের প্রতিটি মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।







