আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সোমবার সকালে সিবিআইয়ের সাত সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছে তদন্তের বর্তমান অবস্থা খতিয়ে দেখে। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতালে পৌঁছেই প্রতিনিধি দলের সদস্যরা মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। তদন্ত-সংক্রান্ত বিভিন্ন তথ্য, হাসপাতালের প্রশাসনিক নথিপত্র এবং ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
সম্প্রতি এই মামলার জন্য গঠিত বিশেষ তদন্তকারী দলের এক সদস্যকে বদলি করা হয়েছে। সেই প্রেক্ষাপটে সিবিআইয়ের উচ্চপর্যায়ের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তের বিভিন্ন দিক নতুন করে খতিয়ে দেখা হচ্ছে কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।
২০২৪ সালে আরজি কর হাসপাতালে কর্মরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে আসে। পরবর্তীতে তদন্তে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠে আসে, যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই একাধিক ব্যক্তি ও হাসপাতাল কর্মীর বয়ান নথিভুক্ত করেছে সিবিআই। সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি এবং ফরেন্সিক তথ্যও। তবে তদন্তে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে বারবার অভিযোগ তুলেছেন নির্যাতিতার পরিবার। অনেকের মতে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রেও এই ঘটনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এক অনুষ্ঠানে জানান, এই মামলার তদন্তে নতুন করে গতি আনা হবে এবং প্রয়োজনীয় নথি পুনরায় তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হবে। তাঁর সেই মন্তব্যের পরদিনই সিবিআইয়ের বিশেষ দলকে হাসপাতালে দেখা যাওয়ায় ঘটনাপ্রবাহ নতুন মাত্রা পেয়েছে।
যদিও সিবিআই এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি, তবে এই হাসপাতাল সফরের পর তদন্তের ভবিষ্যৎ দিকনির্দেশনা আরও স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।







