কলকাতাবিনোদন

ফেসবুকে মানহানির অভিযোগ, ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলে এবার আইনি পদক্ষেপ নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি Sourav Ganguly। এই ঘটনায় কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

থানার ওসি-র উদ্দেশে পাঠানো অভিযোগপত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তাঁর নামে একটি ফেসবুক ফ্যান পেজ এবং একটি সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে এমন কনটেন্ট প্রকাশ করছে, যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তৈরি। তিনি জানিয়েছেন, জনজীবনের সঙ্গে যুক্ত থাকার কারণে সমালোচনা মেনে নিতে তাঁর আপত্তি নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সম্মানহানির চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগে তিনি বিশেষভাবে “Sourav Ganguly Fans” নামে একটি ফেসবুক পেজের উল্লেখ করেছেন। প্রায় ৩৬ লক্ষেরও বেশি অনুসারী থাকা এই আনঅফিসিয়াল ফ্যান পেজ থেকে নিয়মিত এমন পোস্ট করা হচ্ছে বলে তাঁর অভিযোগ, যা সাধারণ মানুষের মধ্যে তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে। তদন্তের স্বার্থে পেজটির বিস্তারিত তথ্যও পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

শুধু ফেসবুক পেজই নয়, “Sportzwiki” নামে একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন সৌরভ। তাঁর দাবি, বিতর্কিত ও মানহানিকর খবরগুলির মূল উৎস এই পোর্টাল। অভিযোগপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিচয় ও অন্যান্য তথ্যও উল্লেখ করা হয়েছে।

চিঠির শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় পুলিশের কাছে দ্রুত তদন্তের আবেদন জানিয়ে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঠাকুরপুকুর থানা সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর বিষয়টির সত্যতা যাচাই শুরু হয়েছে। সাইবার সেলের সহায়তায় সংশ্লিষ্ট ফেসবুক পেজের অ্যাডমিন এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও মানহানিকর প্রচারের বিরুদ্ধে সৌরভের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.