আন্তর্জাতিক ফুটবলে একদিকে লিওনেল মেসির নজিরবিহীন সাফল্য, অন্যদিকে সেই আবহেই বাংলার ক্রীড়া ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বকাপে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করার পর মেসির হ্যাটট্রিককে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সরব হন শতদ্রু।
কলকাতায় মেসির সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে একটি পোস্ট করে অরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে লেখেন, “আপনার পাড়ার পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো সামনে আসুন।” ‘পল্টুদা’ বলে তিনি যে মেসিকেই ইঙ্গিত করেছেন, তা নিয়ে কোনও সংশয় নেই। পোস্টটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া।
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই মেসির কলকাতা সফরকে ঘিরে একাধিক বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হয়েছে। এদিকে অরূপ বিশ্বাসকে নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই বুধবার মাঠে নেমে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন লিওনেল মেসি।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে নিজের একাদশতম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। এর ফলে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার নতুন নজিরও গড়েন তিনি।
মেসির এই কৃতিত্বের পর শতদ্রু দত্ত আবারও পুরনো বিতর্ক সামনে এনে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন অরূপ বিশ্বাসকে। সেই পোস্টের কমেন্ট বক্সেও নেটিজেনদের নানা রসিকতা ও ব্যঙ্গাত্মক মন্তব্য নজর কাড়ে। কেউ লেখেন, “এবার তো আবার ছবি তোলার সুযোগ তৈরি হল।” আবার কেউ মজা করে মন্তব্য করেন, “অরূপদার আশীর্বাদেই বুঝি এই হ্যাটট্রিক!”
এই বিরোধের সূত্রপাত গত বছরের ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে। বিপুল অর্থ ব্যয়ে মেসিকে শহরে আনা হয়েছিল এবং তাঁকে একনজর দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। কিন্তু অনুষ্ঠান চলাকালীন ভিআইপি গ্যালারিতে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, সেই কারণেই নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন মেসি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকদের একাংশ।
ঘটনার পর দায়-দায়িত্ব নিয়ে শুরু হয় বিতর্ক। সেদিন মেসির সঙ্গে অরূপ বিশ্বাসকে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও মেসির ছবি প্রকাশ্যে আসে। অন্যদিকে, ওই ঘটনার জেরে উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ গ্রেফতার করে।
পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর শতদ্রু প্রকাশ্যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্ধারিত প্রোটোকল ভেঙে মেসির কাছে পৌঁছে গিয়েছিলেন অরূপ বিশ্বাস, যার ফলে ভিআইপি এলাকায় অতিরিক্ত ভিড় তৈরি হয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমনকি বিষয়টি নিয়ে উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।







