জেলা

হাতির আছাড়ে মর্মান্তিক মৃত্যু, ৪ ঘণ্টায় ঝরল দুই প্রাণ

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বানারহাটে বুনো হাতির হামলায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন দুই বাসিন্দা। মাত্র চার ঘণ্টার ব্যবধানে ঘটে গেল দুইটি মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ডুয়ার্সে। মৃতদের নাম সোমরা ওরাওঁ (৫০) এবং গুরুয়া ওরাওঁ (৬০)। বন দফতরের দাবি, হাতিটি প্রথমে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে, এরপর পিষে দেয়—ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

প্রথম ঘটনা ঘটে বুধবার গভীর রাতে, প্রায় সাড়ে বারোটার সময়। বানারহাট ব্লকের দুরামারি গ্রামের চানাডিপা এলাকায় ঢুকে পড়ে একটি বুনো হাতি। সেই সময় সোমরা ওরাওঁয়ের বাড়ির সামনে এসে পড়ে হাতিটি। মুহূর্তের মধ্যে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে তাকে মাটিতে ফেলে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর চার ঘণ্টা পর, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায়, বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের বাসলাইন এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। প্রাতঃকৃত্য সারতে গিয়ে জঙ্গলের কাছে বুনো হাতির সামনে পড়েন গুরুয়া ওরাওঁ। তাকেও একইভাবে আক্রমণ করে পিষে দেয় হাতিটি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বানারহাট ব্লকের গ্রাম ও চা বাগান এলাকায় হাতির দল প্রায়ই ঘুরে বেড়াচ্ছে। কখনও বাগানে, কখনও রাস্তায় দেখা মিলছে তাদের। খাবারের সন্ধানেই লোকালয়ে ঢুকছে বলে গ্রামবাসীরা মনে করছেন। কিন্তু বন দফতর কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ও বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় ডুয়ার্সে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ গ্রামবাসীদের সতর্ক করে বলেছে—রাতে যেন কেউ একা বাইরে না বের হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.