পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের সূচনা হল রাজ্যপাল আর এন রবির ভাষণের মাধ্যমে। বৃহস্পতিবার বিধানসভায় দেওয়া তাঁর উদ্বোধনী ভাষণে উঠে এল নতুন সরকারের আগামী দিনের রূপরেখা। নারী সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা, শিল্পায়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতিতে ভরপুর ছিল রাজ্যপালের বক্তব্য।
রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, বাংলায় আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং তোলাবাজি-সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটানোই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তাও দেন তিনি।
নারী নিরাপত্তা প্রসঙ্গে রাজ্যপাল জানান, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে। একই সঙ্গে মানব পাচার রোধ এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় প্রকল্পগুলি থেকে দীর্ঘদিন বাংলার মানুষ বঞ্চিত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। নতুন সরকার রাজ্যের যোগ্য নাগরিকদের কাছে আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হবে বলে জানান।
শিল্প ও অর্থনীতির প্রসঙ্গে রাজ্যপাল বলেন, পশ্চিমবঙ্গকে ফের দেশের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অব্যবহৃত সরকারি জমিকে শিল্পায়নের কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি উপকূলীয় পরিবহণ, জলপথ পরিবহণ এবং মৎস্যচাষের আধুনিকীকরণেও জোর দেওয়া হবে।
কর্মসংস্থান এবং শিক্ষা ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্যে জাতীয় শিক্ষানীতি (NEP) কার্যকর করা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা এবং প্রতি বছর নিয়মিত টেট পরীক্ষার আয়োজনের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। স্কুলে শিক্ষক-ছাত্র অনুপাত বজায় রাখা এবং গ্রন্থাগারগুলিকে আধুনিক পরিকাঠামোয় উন্নীত করার কথাও উল্লেখ করেন তিনি।
উত্তরবঙ্গে একটি নতুন আইআইটি প্রতিষ্ঠার প্রস্তাবও উঠে এসেছে তাঁর ভাষণে। পাশাপাশি যুব সমাজের জন্য বড় স্টার্টআপ হাব গড়ে তোলা এবং বন্ধ চা-বাগান পুনরায় চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
আগামী ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। তার আগে রাজ্যপালের ভাষণ থেকেই স্পষ্ট, নতুন সরকার উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রশাসনিক সংস্কারকে সামনে রেখেই আগামী দিনের পথচলার বার্তা দিতে চাইছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রথম বাজেট অধিবেশন থেকেই নিজেদের অগ্রাধিকারের বিষয়গুলি স্পষ্ট করে দিল বিজেপি সরকার।







