ভোটের মুখে বাংলায় ফের সভা-মিটিং শুরু করেছে বিজেপি। তবে সেই কর্মসূচির মাঝেই একের পর এক সাংগঠনিক অপ্রস্তুতির ছবি সামনে আসছে। এবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় দলীয় বৈঠকে গিয়ে মঞ্চ ভাঙার ঘটনার মুখে পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রবিবার গোসাবার বাসন্তী ১ নম্বর মণ্ডলের একটি বুথ এলাকায় বিজেপির ‘বুথ বিজয় অভিযান’-এর কর্মিসভায় যোগ দেন দিলীপ ঘোষ। সভায় বক্তব্য শুরুর আগেই কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ই আচমকা মঞ্চের একটি পাটাতন বসে যায়। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান দিলীপ ঘোষ। যদিও এই ঘটনায় কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই।
ঘটনার পর দিলীপ ঘোষ জানান, বিজেপিকে হলঘরে নয়, খোলা মাঠেই সভা করতে হয়। তাঁর দাবি, নরম মাটির উপর মঞ্চ তৈরি করা হয়েছিল। তার উপর একসঙ্গে অনেক মানুষ উঠে পড়ায় এই বিপত্তি ঘটে।
তবে এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দিতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করে দাবি করেন, গোসাবা এলাকায় বিজেপির সংগঠন কার্যত অস্তিত্বহীন। তাঁদের বক্তব্য, আক্ষরিক অর্থেই গোসাবা বিজেপির জন্য ‘নরম মাটি’। তাই সেখানে মঞ্চ বাঁধার লোকও ঠিকমতো পাওয়া যায় না। মঞ্চ ভেঙে পড়া অস্বাভাবিক কিছু নয় বলেই মন্তব্য করেন তাঁরা।
ভোটের আগে বিজেপির কর্মসূচিতে বারবার এ ধরনের ঘটনা দলের প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।







