চেন্নাইয়ের একটি অদ্ভুত মামলায়, জেল থেকে বিনা শর্তে মুক্ত করা হলো গাঁজা লেনদেন ও চোরাচালানের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে। জানেন কেন? প্রমাণের জন্য বাজেয়াপ্ত ২২ কেজি গাঁজা সাবাড় করেছে ইদুরে!
ফলে পুলিশকে আদালতে অভিযুক্তদের হাজির করতে হয় কোনও প্রমাণ ছাড়াই। সেকারনেই বিচারক কোনো শর্ত ছাড়াই তাদের মুক্তি দেন। ২০২০ সালে, রাজাগোপাল এবং নাগেশ্বর রাওকে ২২ কেজি গাঁজা রাখার জন্য মেরিনা পুলিশ গ্রেপ্তার করেছিল।
সম্প্রতি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে, যার প্রমাণ হিসেবে জমা দেয়া হয় ১০০ গ্রাম গাঁজা। কোথায় গেলো বাকি ২১.৯ কেজি গাঁজা তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। জবাবে পুলিশ কর্মকর্তারা একটি অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন, তাদের দাবি, যেখানে প্রমাণের গাঁজা জমা রাখা হয়েছিল সেখানে ইঁদুরের ভীষণ উপদ্রব। ইঁদুরেই সেই গাঁজা খেয়েছে।







