কলকাতা: টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তি এনে দিয়েছে বর্ষা। রবিবারের একটানা বৃষ্টিতে কলকাতার একাধিক নিচু এলাকায় জল জমলেও তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেও বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।







