বলিউডে নতুন অধ্যায়ের সূচনা। কিং খানের বড়ো ছেলে আরিয়ান খান এবার ক্যামেরার সামনে নয়, পিছনে দাঁড়িয়ে নিজের যাত্রা শুরু করলেন। বুধবার প্রকাশ্যে এলো তাঁর প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর টিজার। দর্শকমহলে বহুদিনের ধারণা ছিল, স্টারসন্তান হিসেবে আরিয়ান হয়তো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেবেন। কিন্তু প্রত্যাশার বাইরে গিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করায় চমকে উঠেছেন অনেকেই।
টিজারে দেখা গেল, কৌতুকরসের আড়ালে বলিউডের অন্দরকাহিনি তুলে ধরতে চাইছেন আরিয়ান। তারকাদের স্টারডম, গ্ল্যামার, রোম্যান্স-অ্যাকশন, ব্রোম্যান্স, বক্স অফিসের যুদ্ধ, পাপারাজ্জির চাপ সবই জায়গা পেয়েছে সিরিজে। এর কেন্দ্রীয় চরিত্র ‘আসমান সিং’ ওরফে রাঘব জুয়েল। তার জীবনের টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে দর্শকরা দেখতে পাবেন বলিউডে টিকে থাকার কঠিন লড়াই। কখনও নায়কের কারাবাস, আবার কখনও তার সাফল্যের কাহিনি, সবকিছু মিলিয়ে বাস্তব আর রূপকথার মিশেলে তৈরি হয়েছে গল্প।
সবচেয়ে বড়ো চমক তারকাদের বিশেষ উপস্থিতি। প্রথম ঝলকেই ধরা দিলেন সালমন খানের রাগী মেজাজ, করণ জোহরের অশ্রাব্য ভাষা, ববি দেওলের ঝলমলে এন্ট্রি। আরও রয়েছেন আমির খান ও রণবীর কাপুরের ক্যামিও চরিত্র। ফলে প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির বিতর্কিত তারকাদেরই কি ইচ্ছে করেই বেছে নিলেন আরিয়ান? উত্তর পাওয়া যাবে আগামী ১৮ সেপ্টেম্বর, যখন সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এই বিশেষ দিনে ছেলের পাশে ছিলেন শাহরুখ খানও। ভাঙা হাতে মঞ্চে উঠেই দর্শকদের উদ্দেশে বললেন,”গত ৩০ বছর ধরে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন। ও খুব পরিশ্রমী ছেলে। তাই ওর কাজে যদি ভালো লাগে, হাততালির সঙ্গে একটু আশীর্বাদও করবেন।” শাহরুখপুত্রের পরিচালনায় অভিষেক যে বলিউডের ভক্তদের কাছে এক নতুন আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার অপেক্ষা, ‘ব্যাডস অফ বলিউড’ সত্যিই কতটা নতুন দিশা দেখাতে পারে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিকে।







