বিনোদন

মাছের বাজারে মেছুনি কৌশানী! হাতে বড় মাছ, মুখে হাঁক—প্রথম দেখায় চিনতেই পারলেন না কেউ

পর্দার গ্ল্যামার ছেড়ে একেবারে মাছবাজারের মেছুনির সাজে কৌশানী মুখোপাধ্যায়! সাধারণ শাড়ি, মাথায় টানটান খোঁপা, মুখে সাদামাটা মেকআপ—প্রথম ঝলকে তাঁকে দেখে চেনার উপায় নেই। নতুন ছবি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-র প্রচারে এমনই অভিনব অবতারে ধরা দিলেন অভিনেত্রী।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাছের বাজারে বসে রীতিমতো দর হাঁকছেন কৌশানী। হাতে বড় মাছ তুলে ক্রেতাদের ডাকছেন, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ!’ তাঁর গলার স্বর, হাতের অঙ্গভঙ্গি—সবেতেই ফুটে উঠেছে একেবারে আসল মাছওয়ালির ছাপ।

শুধু মাছ বিক্রি নয়, বটির সামনে বসে মাছ কাটতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই কাজ করতে গিয়েই মজার পরিস্থিতি তৈরি হয়। মাছ কাটতে গিয়ে নাজেহাল কৌশানীকে বলতে শোনা যায়, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

শুটিং দ্রুত শেষ করার আবদারও করেছেন তিনি। মাছ কাটার মাঝেই হকারের ভঙ্গিতে মজা করে বলেন, ‘পায়ে পড়ছি, এর মধ্যেই কিনে নিন!’ শুটিংয়ের ফাঁকে মাছের গন্ধ নিয়েও কলাকুশলীদের সঙ্গে হাসি-ঠাট্টায় মাততে দেখা যায় তাঁকে।

আসলে নতুন ছবির প্রচারের জন্যই কৌশানীর এই ‘মাছওয়ালি’ অবতার। ‘বহুরূপী’-তে দর্শকদের নজর কেড়েছিল তাঁর ঝিমলি চরিত্র। এবার ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-তে সেই চরিত্র নিয়েই ফের বড় পর্দায় আসছেন অভিনেত্রী।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৫ অক্টোবর। তার আগে প্রচারের এই অভিনব কায়দায় কৌশানীকে দেখে মজেছে নেটপাড়া। পর্দায় ঝিমলির নতুন গল্প কতটা দর্শকের মন জয় করে, এখন সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.