কলকাতা: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তাঁর সঙ্গে ছিলেন জাভেদ খান, আখরুজ্জামান, সন্দীপন সাহা এবং অরূপ রায়। কমিশনে যাওয়ার কারণ নিয়ে প্রথমে মুখ না খুললেও পরে স্পষ্ট করেন, নবগঠিত কমিটির বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতেই তাঁদের এই পদক্ষেপ।
সিইও দফতর থেকে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আমরাই তো তৃণমূল। আবার প্রতীক দাবি করার কী আছে?” তাঁর বক্তব্য, দলের দুই-তৃতীয়াংশেরও বেশি বিধায়ক তাঁদের পাশে রয়েছেন। তাই দল ও প্রতীক নিয়ে আলাদা করে কোনও দাবি তোলার প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। একইসঙ্গে কালীঘাট শিবিরের তৈরি নতুন কমিটি নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করে ঋতব্রত বলেন, “এ বিষয়ে এখন কিছু বলব না। দু’দিন পর দেখা যাবে সেখান থেকেই কেউ পদত্যাগ করে দিয়েছেন।”
রাজনৈতিক মহলে জল্পনা, দলের নিয়ন্ত্রণ এবং নির্বাচনী প্রতীক কার হাতে থাকবে, সেই প্রশ্নকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হতে পারে। কারণ, সোমবার একদিকে ঋতব্রত শিবির নিজেদের ‘ন্যাশনাল ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রক্রিয়া শুরু করে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও পৃথক একটি কমিটির তালিকা নির্বাচন কমিশনে জমা দেন। সেই তালিকায় চেয়ারপার্সন হিসেবে নিজেই স্বাক্ষর করেন তিনি।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই ঋতব্রত শিবিরের আইনজীবীদের একটি দল দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে প্রয়োজনীয় নথি ও রেজ্যুলিউশন জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেয়। তবে সুনির্দিষ্ট কোনও উত্তর না মেলায় রাজ্যের সিইও দফতরের দ্বারস্থ হন তাঁরা।
জানা যাচ্ছে, আগামী সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধি দল। ফলে তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবার নির্বাচন কমিশনের দরজায় পৌঁছেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







