জেলা

হিঙ্গলগঞ্জে অভিনব বিক্ষোভ! কাদা রাস্তায় ধান গাছ রোপণ করে প্রতিবাদ গ্রামবাসীর

দেখলে মনে হবে কেউ কৃষি জমিতে ধান রোপণ করছেন! কিন্তু না—ঘটনা আরও গভীর। রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামের বেহাল কাঁচা রাস্তার প্রতিবাদে অভিনব পথে হাঁটলেন এলাকাবাসী। হাঁটু পর্যন্ত কাদা জমা সেই রাস্তায় ধান গাছ রোপণ করে, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষজন।

এই একটি রাস্তাই ভরসা কয়েক হাজার মানুষের—ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ, অসুস্থ মানুষ সকলেই নিত্যদিন এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু বছর পর বছর সংস্কারের অভাবে বর্ষা এলেই রাস্তাটি কার্যত অচল হয়ে পড়ে। বৃষ্টির দিনে নড়াচড়া করা দুর্বিষহ হয়ে ওঠে, পায়ে কাদা মেখে যেতে হয় স্কুল বা বাজারে।

অভিযোগ গ্রামবাসীর: অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, বাচ্চারা পড়তে যেতে পারে না—সার্বিক জীবনযাত্রা বিপর্যস্ত। আর তাই এবার আর চুপ করে নয়—প্রতীকী ধান রোপণের মাধ্যমে তাঁরা জানিয়ে দিলেন, “রাস্তা সারান, জীবনের গতি ফিরিয়ে দিন।”

অপা নন্দী – “এত কষ্টে চলতে হয় আমাদের, কেউ দেখছে না। তাই আমরা রাস্তায় নেমেছি।”
স্বপ্না মন্ডল – “বর্ষা এলেই বিপদ বাড়ে। অসুস্থ মানুষ নিয়ে বেরোনোই যায় না।”
রনি মন্ডল (ছাত্র) – “প্রতিদিন এই রাস্তায় স্কুলে যাই। কাদার মধ্যে পড়ে পড়ে যেতে হয়।”

দাবি একটাই—এই রাস্তা যেন অবিলম্বে সংস্কার করা হয়।
এখন দেখার, প্রশাসন এই ব্যতিক্রমী প্রতিবাদে কবে সাড়া দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.