মালদার বৈষ্ণবনগরের পারলালপুর ঘাটে ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারালেন চার নৌকাযাত্রী। বৃহস্পতিবার বিকেলে গঙ্গা পেরিয়ে নৌকা থেকে নামার পরই আচমকা ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের ধুলিয়ান ঘাট থেকে প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা প্রতিদিনের মতো মালদার পারলালপুর ঘাটে পৌঁছয়। যাত্রীরা নৌকা থেকে নামার পর হঠাৎ আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া।
প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকাই বিকট শব্দে বজ্রপাত হতেই কয়েকজন যাত্রী মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ ও প্রশাসনের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের শামসেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে মৃতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন আসাদুল্লাহ শেখ, আনসার শেখ, একরামুল শেখ এবং কোচি শেখ। চারজনেরই বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারলালপুর এলাকায়।
এক মুহূর্তের ব্যবধানে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার যাত্রা পরিণত হল শোকে। প্রিয়জনদের হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দুই জেলার বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







