রাজ্য

পুজোর শেষে নয়, এবার উদ্বোধনেই মেগা আয়োজন! ড্রোন শো থেকে তারকা শিল্পী—নতুন চমক বাংলায়

তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন দুর্গাপুজোর শেষে রেড রোডে আয়োজিত হত বর্ণাঢ্য কার্নিভাল। দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে সেখানে প্রদর্শিত হত বাছাই করা দুর্গাপ্রতিমা। তবে সেই ছবি এখন অতীত। রাজ্যে সরকার বদলের পর এবার পুজোর শেষে কার্নিভালের পরিবর্তে দুর্গাপুজোর সূচনাতেই হতে চলেছে বড়সড় আয়োজন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠকে এই পরিকল্পনার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, কলকাতার আকাশে একসঙ্গে উড়বে প্রায় তিন হাজার ড্রোন। আলোর বিন্দুর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার অবয়ব। এরপর ড্রোন শোয়ের মাধ্যমে তুলে ধরা হবে দুর্গাপুজোর আবাহনের বিভিন্ন মুহূর্ত। মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত পুজোর দিনগুলিকে কেন্দ্র করে একাধিক মেগা শো আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে এবারের আয়োজন শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। গোটা রাজ্যজুড়ে দুর্গাপুজোর আবাহনকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

নবান্ন সূত্রে খবর, বাংলার লোকসংস্কৃতি ও উৎসবের সঙ্গে দেবী দুর্গার বন্দনাকে মিলিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি থাকছে একটি বিশেষ সাংস্কৃতিক সফর—‘ট্রিবিউট মা টুর’। এই কর্মসূচির আওতায় পাঁচটি জায়গায় দু’দিন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর পঞ্চমীর দিন দিঘায় হবে সবচেয়ে বড় অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাবেন একাধিক জনপ্রিয় শিল্পী। সূত্রের খবর, শিল্পীদের সম্ভাব্য তালিকায় রয়েছেন কুমার শানু, সান এবং মোনালি ঠাকুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.