চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ এনে দিল স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (SAIL)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য মোট ১,১১০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এর মধ্যে রয়েছে ৪২১টি ট্রেড অ্যাপ্রেন্টিস, ৪১৪টি ডিপ্লোমা (টেকনিশিয়ান) অ্যাপ্রেন্টিস এবং ২৭৫টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদ। নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই, ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে যোগ্যতা অর্জনকারীরাই আবেদন করতে পারবেন। তবে আগে অ্যাপ্রেন্টিসশিপ সম্পন্ন করেছেন বা বর্তমানে করছেন, কিংবা এক বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
অনলাইন আবেদন শুরু হয়েছে ১৭ জুলাই এবং চলবে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত। ট্রেড অ্যাপ্রেন্টিসদের NAPS এবং ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের NATS পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ৩১ আগস্ট ২০২৬ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। দশম শ্রেণির নম্বরের ৩০ শতাংশ এবং আইটিআই/ডিপ্লোমা/ডিগ্রির নম্বরের ৭০ শতাংশের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে। পরে নথি যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ করা হবে।







