অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গোয়ালিয়ারে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অনভিপ্রেত পরিস্থিতির মুখে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৈলাস খের। কনসার্ট চলাকালীন ব্যারিকেড ভেঙে নিরাপত্তাবলয় টপকে একদল উন্মত্ত দর্শক মঞ্চের সামনে চলে আসায় অনুষ্ঠান মাঝপথে থামাতে বাধ্য হন শিল্পী। ঘটনাটির ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গান গাইতে গাইতেই ছন্দপতনের মুখে পড়েন কৈলাস। মঞ্চের সামনে পৌঁছতে হুড়মুড়িয়ে ব্যারিকেড টপকে ঢুকে পড়ে একাংশ দর্শক। তাদের দেখে আরও অনেকে নিরাপত্তা বলয় ভেঙে এগিয়ে আসেন। চারদিক থেকে মঞ্চ ঘিরে ধরার পরিস্থিতি তৈরি হয়। কেউ শিল্পীকে কাছ থেকে ভিডিও করতে চাইছিলেন, কেউ আবার স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ।
এই বিশৃঙ্খলার জেরে উদ্বেগ বাড়ে শিল্পী ও তাঁর দলের নিরাপত্তা নিয়ে। বারবার অনুরোধ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মঞ্চে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দেন কৈলাস খের। তিনি স্পষ্ট ভাষায় জানান, শিল্পী ও বাদ্যযন্ত্রের নিরাপত্তা বিঘ্নিত হলে অনুষ্ঠান চালানো সম্ভব নয়। পাশাপাশি দর্শকদের আচরণ নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মঞ্চের সামনে আসার অনুরোধ জানানো হলেও তাতেও কাজ হয়নি।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় কনসার্ট বন্ধ করে সদলবলে মঞ্চ ত্যাগ করেন শিল্পী। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় গোয়ালিয়ারের দর্শকদের একাংশের আচরণ নিয়ে তীব্র নিন্দা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না। এই ঘটনার পর আয়োজক ও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।







