দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। গত মার্চ মাসেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই খ্যাতনামা পরিচালক। তাঁকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে খবর, বুধবার রাতেই পরিচালকের একটি জটিল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পামক্যাথে সংক্রমণ হয়েছিল, যার জেরেই এই অস্ত্রোপচার করা হয়। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন, তবে বিপদ এখনও পুরোপুরি কাটেনি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
প্রভাত রায় দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন এবং তাঁর নিয়মিত ডায়ালিসিস চলছিল। এই কারণে এর আগেও একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়ে একতা ভট্টাচার্য দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।
পরিচালক কন্যা একতা জানান, কর্মসূত্রে হায়দরাবাদে থাকা স্বামীর কাছে দু’দিনের জন্য গিয়েছিলেন তিনি। বাবাই তাঁকে জোর করে পাঠিয়েছিলেন। শহরের বাইরে থেকেও বাবার সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন একতা। মঙ্গলবার রাতে ভিডিয়ো কলে কথা বলার সময় তিনি বাবার চোখের নীচ ফোলা দেখতে পান। পরিস্থিতি খারাপ মনে হওয়ায় প্রতিবেশীর সাহায্যে বাবাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন এবং নিজেও দ্রুত কলকাতায় ফিরে আসেন।
প্রসঙ্গত, গত মার্চ মাসেই ৮১ বছর পূর্ণ করেছেন প্রভাত রায়। জানা গিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলাই’ গল্প অবলম্বনে নতুন ছবি পরিচালনার মাধ্যমে তিনি আবারও কাজে ফিরতে চলেছেন। চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষ, শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা ছিল। নিজের প্রযোজনা সংস্থা ‘প্রভাত প্রোডাকশনস’-এর মাধ্যমেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরিচালকের অসুস্থতা সেই পরিকল্পনায় আপাতত বাধা সৃষ্টি করল। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।







