বিদেশ

চিন সফরে তারেক রহমান, আজ শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক; সামরিক সহযোগিতা নিয়ে জোর জল্পনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন সফর ঘিরে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। শুক্রবার সকালে বেজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে কূটনৈতিক সূত্রের দাবি।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিমান ক্রয় এবং সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী ‘চিকেন নেক’ করিডরের কাছাকাছি বাংলাদেশের উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অবকাঠামো নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ বা চিন—কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম চিন সফর। সফরের শুরুতেই তিনি চিনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও চিনের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি চিনের বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন তারেক রহমান। তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামেও অংশ নেন, যেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়।

শি জিনপিংয়ের সঙ্গে আজকের বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই বৈঠকের দিকে নজর রাখছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.