সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কলেজ স্ট্রিট থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে জাতীয় মানের একটি ‘বন্দে মাতরম’ মিউজিয়াম গড়ে তোলা হবে। একইসঙ্গে তিনি পূর্ববর্তী তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, আগের সরকার ছিল তোষণনির্ভর, আর বর্তমানে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই এবার উন্নয়নমূলক কাজই অগ্রাধিকার পাবে।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক বাসভবনে তাঁর ১৮৯তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই প্রথম রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কলেজ স্ট্রিটের এই ঐতিহাসিক বাড়িতে জন্মজয়ন্তী উদযাপন করছে।
অনুষ্ঠান মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন। তৃণমূল নেতাদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই বাড়িতে চোর, ডাকাত, লম্পট বা প্রতারকদের নিয়ে আলোচনা করতে চাই না। সেই আলোচনার জন্য অন্য জায়গা রয়েছে।”
দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। সেই আবহেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে একটি বৃহৎ ও জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম নির্মাণ করা হবে। তিনি জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর বঙ্কিমচন্দ্রের এই ঐতিহাসিক বাড়িতে প্রবেশ করতে পারেননি শুভেন্দু অধিকারী। সে সময় তিনি বাড়ির বাইরে থেকেই সাহিত্য সম্রাটের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির সময় এখানকার রাস্তা পর্যন্ত খুঁড়ে দেওয়া হয়েছিল।” তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার সেই বাড়িতেই সরকারি উদ্যোগে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী পালন করা হল।







