কলকাতা: দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা কম। রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিল কড়া রোদ ও তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে এখনই স্বস্তি মিলছে না।
অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। পাহাড় ও ডুয়ার্সে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে সাধারণ জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক এলাকাতেও লাল সতর্কতা বহাল রয়েছে। এই জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ এলাকাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির দাপট বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে এবং দীর্ঘদিনের ভ্যাপসা গরম থেকেও মিলতে পারে স্বস্তি। তবে উত্তরবঙ্গের বাসিন্দাদের আগামী ৪৮ ঘণ্টা বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।







