রাত ৯টায় আচমকাই আসে একটি ‘সারপ্রাইজ’ মাইক্রোসফট টিমস মিটিংয়ের আমন্ত্রণ। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনও জরুরি অফিস আপডেট বা নতুন প্রকল্প নিয়ে আলোচনা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় সবকিছু। মিটিং শুরু হতেই জানিয়ে দেওয়া হয়, সংস্থার পুনর্গঠন (Restructuring) প্রক্রিয়ার অংশ হিসেবে গোটা ভারতীয় ইঞ্জিনিয়ারিং টিমকেই ছাঁটাই করা হচ্ছে। এক ধাক্কায় চাকরি হারান প্রায় ১৫০ জন কর্মী।
অভিযোগ, মার্কিন রিটেইল সংস্থা Hy-Vee কোনও পূর্ব নোটিস বা সেভারেন্স প্যাকেজ ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর করে। ছাঁটাই হওয়া এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেডিটে ‘Got laid off from Hy-Vee overnight after 1.8 years’ শিরোনামে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতেই বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ওই কর্মীর দাবি, তিনি প্রথমে ইন্টার্ন হিসেবে সংস্থায় যোগ দিয়েছিলেন। পরে স্থায়ী কর্মী হন এবং প্রায় দুই বছর কাজ করার পরও কোনও ক্ষতিপূরণ বা বিকল্প সুযোগ দেওয়া হয়নি। এক রাতের মধ্যেই চাকরি হারানোর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বহু কর্মী।
এদিকে, Hy-Vee-র ভারতীয় শাখার ডিরেক্টর অমিত গোয়েলও লিঙ্কডইনে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, Amazon, Myntra-সহ একাধিক শীর্ষ প্রযুক্তি সংস্থা থেকে দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়ে গড়ে তোলা একটি শক্তিশালী টিম মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে কর্পোরেট সংস্থাগুলির ব্যয় সংকোচন ও পুনর্গঠনের প্রবণতা বাড়লেও, পূর্ব নোটিস বা উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া এত বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনা আইটি শিল্পে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনা প্রযুক্তি পেশাজীবীদের কাছে চাকরির নিরাপত্তা এবং কর্পোরেট নীতির স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।







