২০১৭ সালে ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। নয় বছর পর সেই টুর্নামেন্টে নজর কাড়া একাধিক তরুণ এখন সিনিয়র বিশ্বকাপের মঞ্চে নিজ নিজ দেশের ভরসার নাম। সব মিলিয়ে সেই আসরে খেলা ১৮ জন ফুটবলার এবার সিনিয়র বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন, যা প্রমাণ করে ভারতের সেই টুর্নামেন্ট ছিল ভবিষ্যতের তারকাদের উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ।
সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করছে জাপান। ২০১৭ সালে গুয়াহাটিতে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করা কেইতো নাকামুরা এখন জাতীয় দলের নিয়মিত সদস্য। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি নজর কেড়েছেন। তাঁর পাশাপাশি তাকেফুসা কুবো, গোলরক্ষক জ়িয়ন সুজুকি, ইয়ুকিনারি সুগাওয়ারা এবং আয়ুমু সেকোও সেই অনূর্ধ্ব-১৭ দলের সদস্য ছিলেন।
ফ্রান্সের হয়ে খেলছেন ম্যাক্সেন্স লাখোয়াঁ ও অরেলিয়েন চুয়ামেনি, যাঁরা দু’জনেই ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন। স্পেনের হয়ে রয়েছেন ফেরান তোরেস এবং এরিক গার্সিয়া। যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামছেন সার্জিনো ডেস্ট ও টিমোথি ওয়েয়া। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী দলের ফিল ফোডেন ও জেডন স্যাঞ্চো এবারের সিনিয়র বিশ্বকাপে সুযোগ না পেলেও সেই দলের ডিফেন্ডার মার্ক গেহি রয়েছেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে।
এছাড়াও আইভরি কোস্টের সেকো ফোফানা, আলজিরিয়ার আমিন গুইরি, হাইতির উইলসন ইসিডোর, তুরস্কের ইউনুস আকগুন এবং নিউজিল্যান্ডের বিল জাস্ট ও লিবারাতো কাকাচে-সহ একাধিক ফুটবলার ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সিনিয়র বিশ্বকাপের মঞ্চে পৌঁছেছেন।
ভারতের দিক থেকেও রয়েছে গর্বের মুহূর্ত। ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে একমাত্র গোলদাতা জিকসন সিং এখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। নয় বছরে সেই টুর্নামেন্টের বহু প্রতিভা আজ আন্তর্জাতিক ফুটবলের প্রতিষ্ঠিত মুখ। ফলে ভারতের মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপ যে ভবিষ্যতের বিশ্বতারকাদের উত্থানের এক ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে, তা বলাই যায়।







