পাকিস্তানের অন্যতম শীর্ষ বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজের সম্প্রচারে ১৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগ, মহরম উপলক্ষে সম্প্রচারিত একটি অনুষ্ঠানের কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং তা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহরম, যা মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র।
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পেমরা) জানায়, ২৬ জুন সম্প্রচারিত ‘সফর-এ-ইশক’ অনুষ্ঠানে মহরম ও কারবালার ঘটনাবলির যে ভিজ্যুয়াল উপস্থাপনা করা হয়েছিল, তা নিয়েই আপত্তি উঠেছে। সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। যদিও ঠিক কোন দৃশ্য বা অংশ নিয়ে আপত্তি, তা স্পষ্ট করে জানায়নি পেমরা। পাশাপাশি জিও নিউজের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
এই ঘটনার পর জিও নিউজ তাদের সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট অনুষ্ঠানটি সরিয়ে ফেলেছে। রবিবার প্রকাশ্যে ক্ষমা চেয়ে কর্তৃপক্ষ জানায়, এটি একটি ‘সম্পাদকীয় ত্রুটি’র ফল। তারা দর্শকদের কাছে দুঃখপ্রকাশও করেছে।
উল্লেখ্য, জিও নিউজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় উর্দু সংবাদ চ্যানেল, যেখানে প্রায় দেড় হাজার কর্মী কাজ করেন। মহরম উপলক্ষে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে যাতে কোনও ধরনের উত্তেজনা না ছড়ায়, সেজন্য প্রতি বছরই পাকিস্তানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই সংক্রান্ত পোস্টের উপর প্রশাসনের বিশেষ নজরদারি থাকে।







