জেলা

শিশুদের হাতে ব্যালট, গড়ল নিজেদের মন্ত্রিসভা

দক্ষিণ দিনাজপুরে প্রথমবার শিশুদের গণতন্ত্রের পাঠ

দক্ষিণ দিনাজপুর: বড়দের মতোই ব্যালট পেপারে ভোট, ব্যালট বাক্সে ভোটদান, তারপর সকলের সামনে ভোট গণনা। শেষে নির্বাচিত হল মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং মন্ত্রিসভা। তবে এই নির্বাচনে ভোটার বা প্রার্থীরা কেউই প্রাপ্তবয়স্ক নন—সবাই কিশোর-কিশোরী। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথমবার এই অভিনব শিক্ষামূলক শিশু সংসদ (Child Parliament) নির্বাচন অনুষ্ঠিত হল চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি)-এর উদ্যোগে।
গঙ্গারামপুর ব্লকের প্রায় ১০০ জন কিশোর-কিশোরী এই নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করে। ১২ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন সিনি-র প্রতিনিধিদের পাশাপাশি গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের বিএমওএইচ-সহ অন্যান্য সিনিয়র আধিকারিকরা। ভোটগ্রহণ শেষে সকলের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয় এবং নির্বাচন কমিশনের আদলে স্বচ্ছ পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন হয়।
ভোটের ফলাফলের ভিত্তিতে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীকে শিশু সংসদের মুখ্যমন্ত্রী এবং দ্বিতীয় সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিরোধী দলনেতা নির্বাচিত করা হয়। এরপর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, নারী ও শিশু কল্যাণ এবং পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেন। যাঁরা মন্ত্রিসভায় স্থান পাননি, তাঁরা শিশু সংসদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আয়োজকদের বক্তব্য, যে বয়সে অধিকাংশ শিশু শুধু নির্বাচন দেখে, সেই বয়সেই তাদের হাতে-কলমে গণতন্ত্রের অভিজ্ঞতা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিশু-কিশোরদের মতামত, সমস্যা ও নেতৃত্বকে একটি সংগঠিত প্ল্যাটফর্মে তুলে এনে সমাজের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
নবগঠিত শিশু সংসদের সদস্যরা আগামী দিনে গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে সমবয়সী শিশু-কিশোরদের সমস্যা শুনবে এবং জলে ডুবে মৃত্যু প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, পরিবেশ সংরক্ষণ, শিশু অধিকার ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে শিশুদের সমস্যা চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের পথও খুঁজবে।
সিনি-র লিড – ইনজুরি প্রিভেনশন ও ন্যাশনাল অ্যাডভোকেসি সুজয় রায় বলেন, “শিশু সংসদ কোনও রাজনৈতিক কার্যক্রম নয়। এটি সম্পূর্ণ শিক্ষামূলক ও অরাজনৈতিক একটি উদ্যোগ। আমাদের লক্ষ্য শিশুদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তাই নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে বাস্তব অভিজ্ঞতার কোনও বিকল্প নেই।”

একজন অংশগ্রহণকারী কিশোরীর কথায়, “আজ প্রথমবার ভোট দিলাম। বড় হয়ে সত্যিকারের ভোট দেওয়ার আগে এই অভিজ্ঞতা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।”
শুধু একটি নির্বাচন নয়, শিশুদের নেতৃত্ব, দায়িত্ববোধ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে বাস্তবে রূপ দেওয়ার এই উদ্যোগ দক্ষিণ দিনাজপুরে শিশু-কেন্দ্রিক সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.