আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ, শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৬। জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষার ফল জানতে মুখিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া ও অভিভাবক। ইতিমধ্যেই ফল প্রকাশের সময়, পদ্ধতি এবং মার্কশিট বিতরণ সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার কিছু পরেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ওই সাংবাদিক বৈঠকেই প্রকাশ করা হবে পাশের হার, মেধাতালিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে সকাল ১০টা থেকেই পর্ষদের ক্যাম্প অফিসগুলিতে শুরু হবে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ। স্কুলের প্রতিনিধিরা সেগুলি সংগ্রহ করার পর নিজ নিজ বিদ্যালয় থেকে পড়ুয়ারা মার্কশিট হাতে পাবে।
কোথায় দেখা যাবে রেজাল্ট?
পর্ষদের নির্ধারিত দুটি সরকারি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে—
www.wbbsedata.com
www.wbbse.wb.gov.in
ওয়েবসাইটে গিয়ে ‘Result’ অপশনে ক্লিক করে রোল নম্বর, জন্মতারিখ এবং প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে দেখা যাবে নম্বর। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে স্কোরকার্ড ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।
এছাড়াও, প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results কিংবা Edutips App ডাউনলোড করেও ফল জানা যাবে।
উল্লেখ্য, এ বছর বিধানসভা নির্বাচনের কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে। এপ্রিল মাসে নির্বাচনী প্রক্রিয়ায় বহু শিক্ষক-শিক্ষিকা যুক্ত থাকায় মূল্যায়ন ও প্রশাসনিক কাজ শেষ হতে সময় লাগে। অবশেষে ভোটপর্ব মিটতেই ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়।
পর্ষদের পরামর্শ, রেজাল্ট প্রকাশের সময় ওয়েবসাইটে অতিরিক্ত চাপ থাকতে পারে। তাই ধৈর্য ধরে বারবার চেষ্টা করার পাশাপাশি রোল নম্বর ও জন্মতারিখ আগে থেকেই প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।







