কলকাতা

চিকিৎসক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর, বিধাননগর হাসপাতালের নতুন নাম ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল

জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে একদিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের স্বাস্থ্যব্যবস্থার তীব্র সমালোচনা করেন। সল্টলেকের ময়ূখ ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি জানান, বিধাননগর সাব-ডিভিশনাল হাসপাতালের নতুন নাম হবে‘ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল’। রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতেই ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।

ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ও নগর উন্নয়নে ডাঃ বিধানচন্দ্র রায়ের অবদান আজও অনস্বীকার্য। তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই বিধানচন্দ্র রায় সম্পর্কে পড়াশোনা করেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একসময় বলেছিলেন, ‘যেখানেই হাত দিচ্ছি, সেখানেই বিধানচন্দ্র রায়ের কাজের ছাপ দেখতে পাচ্ছি।’ কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা, আজ যেখানে হাত দিচ্ছি, সেখানেই অব্যবস্থা ও ধ্বংসের চিহ্ন চোখে পড়ছে।”

এরপরই তিনি পূর্বতন সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, রাজ্যের হাসপাতালগুলির বর্তমান পরিস্থিতি কখনওই কাম্য নয়। অভিযোগ করেন, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের বদলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজনের পরিবেশ তৈরি হয়েছিল।

শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের মানুষের প্রতিভা ও দক্ষতা দেশের যে কোনও রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করার মতো। কিন্তু আগের সরকারের সময়ে সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের মেধা বিশ্বের সঙ্গেও পাল্লা দিতে সক্ষম। অথচ স্বাস্থ্যক্ষেত্রে অপ্রয়োজনীয় বিভাজনের রাজনীতি করা হয়েছে। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা-ওরার মানসিকতার কোনও জায়গা নেই।”

রাজনৈতিক মহলের মতে, চিকিৎসক দিবসের মঞ্চকে ব্যবহার করে শুভেন্দু অধিকারী একদিকে যেমন ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন, তেমনই পূর্ববর্তী সরকারের স্বাস্থ্যনীতি ও পরিকাঠামোগত দুর্বলতার সমালোচনার মাধ্যমে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেছেন।

প্রশাসনের একাংশের মতে, বিধাননগর সাব-ডিভিশনাল হাসপাতালের নাম পরিবর্তন কেবল আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। হাসপাতালটিকে আরও আধুনিক চিকিৎসা পরিষেবার আওতায় এনে একটি পূর্ণাঙ্গ মাল্টিস্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে। সেই ভাবনা থেকেই নতুন নামকরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানেরও বিশেষ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংকটের সময়ে মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা হয়ে ওঠেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাঁদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.