বিশ্ব

যে রাশিয়া থেকে তেল কিনত ভারত, সেই রাশিয়াই এখন ভারতের পেট্রলের ভরসায়! যুদ্ধের জেরে বাড়ছে জ্বালানি সঙ্কট

ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে রাশিয়ার জ্বালানি খাতে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-সহ একাধিক দেশ থেকে পেট্রল আমদানি শুরু করেছে মস্কো বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বহু বছর ধরে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অশোধিত তেল আমদানি করে আসছে। কিন্তু এবার ছবিটা উল্টো। সূত্রের দাবি, ভারত থেকে ইতিমধ্যেই প্রায় ৬০ হাজার টন পেট্রল রাশিয়ায় পাঠানো হয়েছে। আরও দুটি ট্যাঙ্কারে ৩০ থেকে ৪০ হাজার টন করে জ্বালানি পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে ভারত সরকার বা রাশিয়ার শক্তি মন্ত্রক এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশেষজ্ঞদের মতে, এই সঙ্কটের মূল কারণ ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো হামলার মুখে পড়েছে। সম্প্রতি লেনিনগ্রাদ অঞ্চলের একটি শোধনাগার এবং রফতানি কেন্দ্রেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ফলে উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত তৈরি হয়েছে।

জ্বালানির ঘাটতির প্রভাব এখন সাধারণ মানুষের জীবনেও পড়ছে। রাশিয়ার বিভিন্ন শহরে পেট্রল পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও জ্বালানি রেশনিং চালু হয়েছে। আবার কিছু অঞ্চলে ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছে সাময়িকভাবে পেট্রল বিক্রিও বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালে রাশিয়ায় প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ ১০ হাজার টন পেট্রলের চাহিদা থাকে। এই সময়েই সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে গত এক সপ্তাহে পেট্রলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলেও খুচরো বাজারে জ্বালানির মূল্য ঊর্ধ্বমুখী।

পরিস্থিতি মোকাবিলায় রাশিয়া এখন আন্তর্জাতিক বাজারের দিকে ঝুঁকেছে। প্রতি মাসে প্রায় ৪ লক্ষ টন পেট্রল আমদানির পরিকল্পনা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। এই তালিকায় রয়েছে ভারত এবং প্রতিবেশী দেশ বেলারুশ। বেলারুশ থেকে ইতিমধ্যেই জ্বালানি আমদানি শুরু হয়েছে।

সম্প্রতি মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকেও দেশের কিছু অঞ্চলে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলেও জানানো হয়েছে।

তবে ভারত থেকে ঠিক কোন তেল শোধন সংস্থার মাধ্যমে এই পেট্রল রফতানি হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবুও আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যে দেশ থেকে ভারত এতদিন তেল কিনত, আজ সেই দেশই প্রয়োজন মেটাতে ভারতের পরিশোধিত পেট্রলের উপর নির্ভর করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.