সকালের ব্যস্ত সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে। গোপালপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় অন্তত ২৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সাতসকালে বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। গোপালপুর মোড়ের কাছে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। এরপরই রাস্তার উপর উল্টে যায় বাসটি। মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন। শুরু হয় উদ্ধারকাজ।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই দুর্ঘটনার জেরে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানোর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় পুলিশ।
কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাতসকালে এই ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।







