নবদ্বীপ পুরসভায় দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা এবার আরও গভীর আকার নিল। একযোগে ১৮ জন কাউন্সিলর পদত্যাগ করায় কার্যত ভেঙে পড়েছে পুরবোর্ড। এর আগে ৩ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছিলেন। সব মিলিয়ে ২৪ সদস্যের বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন ২১ জন। ফলে বর্তমানে পুরসভায় দায়িত্বে রয়েছেন মাত্র ৩ জন কাউন্সিলর।
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা গ্রেপ্তার হওয়ার পর থেকেই প্রশাসনিক কাজকর্মে ধাক্কা লাগে। ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি মজুত রাখার অভিযোগে তাঁর গ্রেপ্তারের পর ভাইস-চেয়ারম্যান শচীন্দ্র বসাক অস্থায়ীভাবে পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু গত মাসের ১৯ তারিখ তিনিও ভাইস-চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন।
শচীন্দ্র বসাকের দাবি ছিল, চেয়ারম্যানের অনুপস্থিতি এবং অধিকাংশ কাউন্সিলরের নিয়মিত অনুপস্থিতির কারণে পুরসভার বহু গুরুত্বপূর্ণ কাজ আটকে যাচ্ছিল। প্রশাসনিক চাপ একার পক্ষে সামলানো সম্ভব না হওয়ায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
এরপর একযোগে ১৮ কাউন্সিলরের পদত্যাগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কার্যত পুরবোর্ডের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই অবস্থায় পুরসভার স্বাভাবিক পরিষেবা চালু রাখতে খুব শিগগিরই প্রশাসক নিয়োগ করা হতে পারে।
এদিকে একই দিনে আসানসোল পুরনিগমেও শাসকদলের একাধিক জনপ্রতিনিধির পদত্যাগ রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। ১০৬ ওয়ার্ডের পুরনিগমে পাঁচজন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অশোক রূদ্র, ডা. দেবাশীষ সরকার এবং কুলটির চৈতন্য মাজি। চৈতন্য মাজি কাউন্সিলরের পাশাপাশি বোরো চেয়ারম্যানের পদও ছেড়েছেন। অন্যদিকে, ডা. দেবাশীষ সরকার আগে বোরো চেয়ারম্যান পদ ছাড়ার পর এবার কাউন্সিলর পদ থেকেও সরে দাঁড়ান।
পদত্যাগের কারণ হিসেবে অশোক রূদ্র জানান, সাম্প্রতিক নির্বাচনে মানুষের দেওয়া রায়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি, দল পরিচালনায় কর্পোরেট সংস্কৃতি এবং সংকটের সময়ে কর্মীদের পাশে নেতৃত্বকে না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি।







