জেলারাজনীতি

ফলতায় ভোট বাতিল-কাণ্ডে বড় পদক্ষেপের ইঙ্গিত, ২৪২ জনের বিরুদ্ধে কমিশনে রিপোর্ট

ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দ্বিতীয় দফার ভোটে অশান্তি ও একাধিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে চারদিনের মাথায় ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন। শনিবার (২ মে) কমিশন ফলতায় পুনর্ভোটের দিন ঘোষণা করে। এবার সেই ঘটনায় আধিকারিক ও ভোটকর্মী মিলিয়ে ২৪২ জনের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে কমিশনে। সূত্রের খবর, আগামীকাল ফল প্রকাশের পরই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে।
ভোটের দিন একাধিক বুথে ইভিএমের ব্যালট ইউনিটের বোতামে আঠা বা ব্ল্যাক টেপ লাগানোর অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট প্রভাবিত করতেই এই কাজ করা হয়েছে। পাশাপাশি ভোটারদের ভয় দেখানো, বুথ দখল এবং বুথের ভিতরে অবৈধভাবে রাজনৈতিক কর্মীদের উপস্থিতির অভিযোগও সামনে আসে।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আগামী ২১ মে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ভোট গণনা হবে ২৪ মে।
কমিশনের প্রধান প্রশ্ন প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে। অভিযোগ, তিনি রিপোর্টে উল্লেখ করেন যে ব্ল্যাক টেপ সরানোর পর স্বাভাবিকভাবে ভোট হয়েছে। কিন্তু এত গুরুতর অভিযোগের পরও কেন দুপুর ১টা পর্যন্ত তিনি কমিশনকে কিছু জানাননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখযোগ্যভাবে, একটি নয়, প্রায় ৪০টিরও বেশি বুথে একই ধরনের অভিযোগ উঠেছিল।
রিটার্নিং অফিসার (RO) এবং সাধারণ পর্যবেক্ষকের ভূমিকাও কমিশনের নজরে। অভিযোগ, রিপোলের দাবি ওঠার পরও তাঁরা রিপোর্টে লিখেছেন পুনর্ভোটের প্রয়োজন নেই। এমনকি বিশেষ পর্যবেক্ষক Subrata Gupta ফলতায় পৌঁছনোর আগেই সাধারণ পর্যবেক্ষক এলাকা ছেড়ে চলে যান বলেও অভিযোগ।
জেলা প্রশাসন এবং বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.