রথযাত্রাকে ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আবহের মাঝেই বড় ঘোষণা করল নবান্ন। রাজ্যের ১০০ থেকে ১৫০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উদ্দেশ্য, জেলার ঐতিহ্যবাহী রথযাত্রাগুলিকে আরও সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে সাহায্য করা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন জেলার ঐতিহাসিক রথযাত্রা কমিটিগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আগামী ১৩ জুলাই নির্বাচিত কমিটিগুলির অনুমোদিত প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হতে পারে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে খবর।
শুধু অনুদান নয়, রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্যের সব জেলা প্রশাসনকে একাধিক নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় রথযাত্রার রুট এবং ভক্তদের ভিড়ের জায়গাগুলিতে বিশেষ সেবা শিবির গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার জন্য এই শিবির পরিচালনায় ১ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার।
এই সেবা শিবিরে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্য পরিষেবা, তথ্য ও সহায়তা কেন্দ্রের পাশাপাশি প্রবীণ, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। একই ধরনের পরিষেবা উল্টোরথের দিনও চালু রাখতে হবে বলে নির্দেশে উল্লেখ রয়েছে।
এছাড়া কোনও রথযাত্রা কমিটি যদি ঐতিহাসিক গুরুত্ব, বিপুল জনসমাগম বা উৎসবের ব্যাপকতার কারণে অতিরিক্ত আর্থিক সহায়তার উপযুক্ত বলে জেলা প্রশাসনের মনে হয়, তবে বিস্তারিত কারণ-সহ সেই সুপারিশ নবান্নে পাঠানো যাবে।
রথযাত্রার আগে জেলা প্রশাসনকে পুলিশ, স্বাস্থ্য, দমকল, পূর্ত, পরিবহণ, পুরসভা, পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য থাকবে নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ও জরুরি পরিষেবা সুনিশ্চিত করা।
পাশাপাশি, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার নির্ধারিত নির্দেশিকা মেনে সেবা শিবিরের মাধ্যমে করার কথা বলা হয়েছে। উৎসব শেষে বরাদ্দ অর্থের ব্যবহার, গৃহীত পদক্ষেপ, ছবি এবং সংক্ষিপ্ত রিপোর্ট দ্রুত তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই উদ্যোগে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী রথযাত্রা কমিটিগুলি যেমন আর্থিক সহায়তা পাবে, তেমনই ভক্তদের জন্যও আরও উন্নত ও নিরাপদ উৎসবের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।







