রাজ্য

বৃহস্পতিবারই নবনিযুক্ত রাজ্যপালের শপথ গ্রহণ ! আর কিছুক্ষণের মধ্যেই শহরে আসছেন আর এন রবি

বুধবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছতে চলেছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি। নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা। বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান।

এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই গত ৫ মার্চ আচমকাই দিল্লিতে গিয়ে ইস্তফা দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করার পরই ঘোষণা করা হয় যে আর এন রবি হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্ক ও চাপানউতোর তৈরি হয়।

নতুন রাজ্যপালকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আর এন রবিকে আক্রমণ করে বলেন, “বিজেপি ছাড়া তিনি কোনও কাজ করেন না। তিনি বিজেপির প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, কিন্তু বাংলা আলাদা।”

১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার আর এন রবি কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এক সময় তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করেছেন এবং ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত পরামর্শদাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও দায়িত্বে ছিলেন।

এদিকে নতুন রাজ্যপাল ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে যান। তার আগে তিনি এসআইআর বিরোধী ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ধরনা মঞ্চ থেকে সরাসরি তিনি রাজভবনে গিয়ে বিদায়ী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালোই ছিল। ভোটের আগে আচমকা তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। আমার মনের কথা আমি ওনাকে জানিয়েছি। পাশাপাশি এটাও বলেছি, আপনি এতদিন বাংলায় ছিলেন, বাংলাকে চেনেন, আবার বাংলায় ফিরে আসুন।”

তবে এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আর এন রবি। তাঁর সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ভবিষ্যতে কীভাবে গড়ে ওঠে, সেটাই এখন রাজনৈতিক মহলের নজরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.