বিশ্ব

‘ইরান তেল বিক্রি না করলে অন্যরাও পারবে না’, হরমুজ প্রণালী ঘিরে তেহরানের কড়া বার্তা, উদ্বেগে বিশ্ববাজার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ফের কড়া অবস্থান নিল ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে না পারে, তবে অন্য কোনও দেশকেও ওই অঞ্চল দিয়ে তেল রপ্তানি করতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি দাবি করেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনও গুরুত্বপূর্ণ পরিকাঠামোও নিরাপদ থাকবে না।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও স্থিতাবস্থা তখনই ফিরতে পারে, যখন ওই অঞ্চল থেকে মার্কিন সেনা উপস্থিতি সরানো হবে। তাঁর দাবি, যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে আর ফিরবে না হরমুজ।

অন্যদিকে, ইরানের এই অবস্থানের আগেই কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের তরফে কোনও ধরনের হামলা হলে আমেরিকা তার জবাবে ইরানের গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎকেন্দ্র-সহ কৌশলগত পরিকাঠামোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।

এরই মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। পাল্টা ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে। ফলে সংঘাত আরও জটিল আকার নিচ্ছে।

বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তাই এই জলপথে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়তে পারে।

ভারতও এই পরিস্থিতির বাইরে নয়। দেশের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের একটি বড় অংশ পশ্চিম এশিয়া থেকে আমদানি করা হয়। ফলে হরমুজ প্রণালীতে অস্থিরতা দীর্ঘায়িত হলে আমদানি ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম এবং পরিবহণ খরচের ওপর তার প্রভাব পড়তে পারে। তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বিশ্ব অর্থনীতির পাশাপাশি ভারতের জন্যও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.