রাজ্য

বারুইপুরে বিক্ষোভের মুখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পুলিশি নিরাপত্তায় এলাকা ছাড়লেন তৃণমূল প্রতিনিধি

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। মঙ্গলবার সকালে তাঁরা নির্যাতিতার বাড়িতে পৌঁছনোর পর স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন থাকা পুলিশ নিরাপত্তা জোরদার করে। পরে পুলিশি নিরাপত্তার মধ্যেই প্রতিনিধিদলকে এলাকা থেকে বের করে আনা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিনিধিদল পৌঁছতেই বিক্ষোভকারীদের একাংশ তাঁদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, ‘গদ্দার’, ‘বেইমান’ এবং ‘বালিশচাটা’ বলে স্লোগান তোলা হয়। কিছু সময় উত্তেজনা চললেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রতিনিধিদলের সদস্যরা নির্যাতিতার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বক্তব্য শোনেন।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ। একইসঙ্গে নির্যাতিতার বাড়িতে যান সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারও।

বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি উঠেছে। এই আবহে শাসকদলের প্রতিনিধিদলের সফরকে ঘিরে স্থানীয়দের ক্ষোভ প্রকাশ্যে আসায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.