জগন্নাথদেবের রথযাত্রা মানেই ভক্তি, উৎসব আর মানুষের ঢল। কিন্তু সেই পুণ্যময় মুহূর্তেই যেন ছায়া ফেলল এক হৃদয়বিদারক ঘটনা। রথ টানার সময় প্রচণ্ড ভিড়ে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন অন্তত ৪০ জন পুণ্যার্থী।
ঘটনাটি ঘটেছে পুরীর রাজার প্রাসাদ তথা শ্রী নাহার-এর কাছে। সূত্রের খবর, জগন্নাথের ঐতিহ্যবাহী “পাহাড়ি” অনুষ্ঠানের সময় হঠাৎ করেই রথের রশি ছুঁতে ঝাঁপিয়ে পড়েন হাজার হাজার ভক্ত। মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা, সৃষ্টি হয় তীব্র হুড়োহুড়ি। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বহু মানুষ। অনেকে দমবন্ধের মতো পরিস্থিতিতে জর্জরিত হন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকলকেই দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সিডিএমও দফতর জানিয়েছে, আহতদের চিকিৎসায় কোনও খামতি রাখা হচ্ছে না।
উল্লেখ্য, গত বছরও রথযাত্রার সময় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল ভিড়ে দম আটকে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। কিন্তু তাতেও যেন রোখা গেল না বিপদ।
বলভদ্রের তালধ্বজ রথ টানার সময়, গ্র্যান্ড রোডে লক্ষাধিক ভক্তের ভিড়ের চাপে যেন ছিটকে গেল নিয়ন্ত্রণ। আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে রথ টানতে টানতেই ঘটে এই দুর্ঘটনা।
আনন্দের রথ থমকাল আতঙ্কে। এবার প্রশ্ন— নিরাপত্তা পরিকল্পনায় কি কোথাও ফাঁক রয়ে গেল?







