পুজোর আগে টলিউডে আরও এক সুখবর। পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকারের পরিবারে এল নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা। বুধবার, ২৩ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় সুখবরটি ভাগ করে নেন পিয়ান। খবর ছড়িয়ে পড়তেই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন অনুরাগী থেকে টলিউডের সহকর্মীরা।
পিয়ান এবং রাজা দীর্ঘদিন ধরেই টলিউডের পরিচিত জুটি। কাজের সূত্রে কলকাতা ও মুম্বই—দুই শহরেই যাতায়াত করতে হয় তাঁদের। তবে সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন পিয়ান। বর্তমানে কলকাতাতেই ছিলেন তিনি।
এর আগে রাজার জন্মদিনের সময়ই প্রথমবার প্রকাশ্যে এসেছিল পিয়ানের মা হওয়ার খবর। সেদিন স্বামীর জন্মদিন উপলক্ষে একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তাঁদের একসঙ্গে একটি ছবিও ছিল সেই পোস্টে। ক্যাপশনে রাজাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জীবনে নিরাপত্তা ও ভালো লাগা এনে দেওয়ার জন্য ভালোবাসা জানিয়েছিলেন পিয়ান। সেই পোস্টের পরেই অনুরাগীদের নজরে আসে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি।
এরপর জুলাই মাসে পিয়ানের সাধভক্ষণের ছবিও প্রকাশ্যে আসে। সেই সময় থেকেই দম্পতির জীবনে নতুন অতিথির আগমনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।
এবার পিয়া ও রাজার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। সদ্য মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারও। তাঁর ঘরে পুত্রসন্তান আসার পর ফের টলিউডে এল আরও এক খুশির খবর। রাজা-পিয়ানের পরিবারে নতুন সদস্যের আগমনে শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।
নতুন দায়িত্বের পাশাপাশি আপাতত পরিবারকেই সময় দিতে চাইছেন পিয়ান। সন্তানের আগমনে দম্পতির জীবনে শুরু হল এক নতুন অধ্যায়।







