বাহামাসের ৫৩তম স্বাধীনতা দিবস শোকের দিনে পরিণত হল এক ভয়াবহ বিমান দুর্ঘটনায়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে একটি ছোট যাত্রীবাহী বিমান জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৯ জন যাত্রী ও এক পাইলট-সহ মোট ১০ জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট বিমান সংস্থার সব ধরনের উড়ান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাহামাস সরকার।
জানা গিয়েছে, Flamingo Air Flights-এর Cessna 402 বিমানটি লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান আন্দ্রোজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে দেহগুলি উদ্ধার করে।
প্রথমে একজন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং চারদিকে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ।
বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাধীনতা উদ্যাপনের দিনটি গোটা দেশের জন্য শোকের দিনে পরিণত হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এদিকে, একদিনেই একই বিমান সংস্থার আরও একটি বিমানে অবতরণের পর আগুন লাগার ঘটনাও সামনে এসেছে। পরপর দুই দুর্ঘটনার জেরে যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে Flamingo Air Flights-এর এয়ার অপারেটর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করেছে প্রশাসন। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংস্থার কোনও বিমান আকাশে উড়তে পারবে না।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিমান সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।







