কলকাতায় এসে দর্শকের ভালোবাসায় মুগ্ধ বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এবং তাঁর প্রযোজক ভাই শাকিব সেলিম। রবিবার শহরে তাঁদের নতুন ছবি ‘বেবি ডু ডাই ডু’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এমনই অভিজ্ঞতার কথা জানালেন তাঁরা। প্রথমে কিছুটা ভয় নিয়েই কলকাতায় এসেছিলেন বলে জানান শাকিব। তবে দর্শকের উচ্ছ্বাস ও ভালোবাসা তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
ছবিতে ভাই প্রযোজক, বোন নায়িকা। এই সম্পর্কের সমীকরণ নিয়েও জমে ওঠে মজার কথোপকথন। হুমা রসিকতা করে বলেন, ভাই প্রযোজক হলে ছবির বিষয়ে বেশি কিছু বলার সুযোগ থাকে না। শুটিংয়ের সময় শাকিব তাঁকে কতটা প্রশ্রয় দিয়েছেন, এমন প্রশ্নে অভিনেত্রীর মজার জবাব, তাঁকে নাকি ‘চুটিয়ে ব্যবহার’ করা হয়েছে। পাল্টা শাকিবও হাসতে হাসতে বলেন, বোনের ছবি হিট করাতে তাঁকে অনেক কিছুই করতে হয়েছে।
ছবির চরিত্রের জন্য হুমার নতুন পরিচয় হয়েছে ‘হিট ওম্যান’। তবে এই চরিত্র তাঁর জন্য সহজ ছিল না বলেই জানান অভিনেত্রী। কারণ ছবিতে তাঁর চরিত্র ‘বেবি’ কথা বলতে বা শুনতে পারে না। শুধুমাত্র অভিব্যক্তির মাধ্যমে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে হয়েছে তাঁকে। দর্শকের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় পুরস্কার বলে জানান হুমা।
শাকিব সেলিম জানান, কলকাতার দর্শকদের প্রতিক্রিয়া তাঁদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই শহর সিনেমা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র। পাশাপাশি তাঁরা ছবির কলকাতা সফরে সহযোগিতার জন্য প্রযোজক-পরিবেশক শতদীপ সাহার প্রশংসা করেন।
বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। ভবিষ্যতে বাংলা ছবি বা সিরিজে কাজ করার বিষয়ে হুমা জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই আগ্রহী।







