দীর্ঘদিনের নির্বাসনের পর অবশেষে কলকাতায় ফিরতে চলেছেন লেখিকা তসলিমা নাসরিন। ২০০৭ সালে বিক্ষোভের জেরে শহর ছাড়তে বাধ্য হওয়ার পর একাধিকবার কলকাতায় ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাঁকে ফিরিয়ে আনার দাবিতে সরব হন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। নিজের ফেসবুক পোস্টেই কলকাতায় ফেরার ইঙ্গিত দিয়েছেন তসলিমা।
২০০৭ সালের ২১ নভেম্বর তসলিমা নাসরিনকে ঘিরে মৌলবাদী সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামাতে বাধ্য হয়েছিল। এরপর থেকেই শহর ছেড়ে চলে যান তসলিমা। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তিনি ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে প্রায় ১৮ বছর পর তাঁর কলকাতায় ফেরার পথ খুলছে।
আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘সেক্যুলার মিশন’ এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামে দুই সংগঠন। অনুষ্ঠানের আয়োজকদের দাবি, তসলিমা নাসরিন সেখানে উপস্থিত থাকবেন। তিনি কবিতা আবৃত্তি করবেন, গান পরিবেশন করবেন এবং বিভিন্ন বিষয়ে নিজের মতামতও তুলে ধরবেন। আয়োজকদের আরও দাবি, মুখ্যমন্ত্রীও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
এই প্রসঙ্গে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর বলেন, “তসলিমা নাসরিনকে স্বাগত জানাই। অতীতে তাঁর আগমন নিয়ে একাংশের মানুষের আপত্তি ছিল। আমি ব্যক্তিগতভাবে তাঁর লেখা পছন্দ করি এবং তিনি কলকাতায় ফিরছেন বলে আনন্দিত। শুধু আশা করব, এমন কোনও মন্তব্য তিনি করবেন না, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।” উল্লেখ্য, তসলিমা নাসরিন কলকাতা ছাড়ার সময় হুমায়ুন কবীর পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বে ছিলেন।







