অযোধ্যার রামমন্দির এবং উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে প্রণামীর অর্থ আত্মসাতের অভিযোগের বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। এর মধ্যেই গুজরাটের বনাসকাঁঠা জেলার ঐতিহ্যবাহী অম্বাজি মন্দিরকে ঘিরে নতুন করে প্রণামী চুরির অভিযোগ সামনে এসেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও ভাইরাল ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মন্দির কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি মে মাসের। অভিযোগ, আউটসোর্সিং সংস্থার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক কর্মী প্রণামীর টাকা গণনার সময় নগদের একটি বান্ডিল আত্মসাতের চেষ্টা করেন। গণনার কক্ষ থেকে বাইরে বেরোনোর সময় তাঁর পকেট থেকে টাকার বান্ডিল পড়ে গেলে বিষয়টি অন্য কর্মীদের নজরে আসে। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে এবং তদন্ত শুরু হয়।
প্রাথমিক তদন্তে আরও দুই কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসে। অভিযোগের ভিত্তিতে মন্দির প্রশাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি, তাঁদের চাকরি থেকেও অবিলম্বে বরখাস্ত করা হয়।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ‘শ্রী আরাসুরি অম্বাজি মাতা দেবস্থান ট্রাস্ট’। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও বনাসকাঁঠার জেলাশাসক মিহির পটেল জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রণামী গণনার পুরো প্রক্রিয়ার জন্য নতুন মানসম্মত পরিচালন বিধি (এসওপি) চালু করা হয়েছে। তাঁর দাবি, অর্থ গণনা ও সংরক্ষণের প্রতিটি ধাপে আরও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তদের দানের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে।
সাম্প্রতিক সময়ে দেশের একাধিক গুরুত্বপূর্ণ মন্দিরে প্রণামী সংক্রান্ত অভিযোগ সামনে আসায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলির আর্থিক স্বচ্ছতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।







